টানা বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সোনারপুর পুর এলাকা সহ ভাঙড়, জয়নগর - The News Lion

টানা বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সোনারপুর পুর এলাকা সহ ভাঙড়, জয়নগর

 


দি নিউজ লায়ন;    নিম্নচাপের অতিভারী বৃষ্টির জেরে জলমগ্ন হল বারুইপুর ও সোনারপুর-রাজপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। জলমগ্ন হয়েছে ক্যানিং, ভাঙড়, জয়নগরের, বারুইপুর পূর্ব বিধানসভার কিছু এলাকা। বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড গোলপুকুর আবার জলমগ্ন হল। রাস্তা থেকে শুরু করে  বাসিন্দাদের বাড়িতে, উঠানে, রান্নাঘরে জল ঢুকে গিয়েছে। কোমরসমান জল দাঁড়িয়ে আছে রাস্তায়। ১০ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা সহ এমনকী, ৪ নম্বর ওয়ার্ড ও ১৪ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা থেকে অক্ষয় সংঘ পর্যন্ত রাস্তা ফি বছরের মত এবারও জলমগ্ন হয়েছে।


 ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া, দাস পাড়া রোড, ৩ নম্বর ওয়ার্ড এর কিছু এলাকা, ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া, ২ নম্বর ওয়ার্ডদের কিছু এলাকা জলমগ্ন হয়েছে। বারুইপুর মহকুমা হাসপাতাল ফি বছরের মত এবারও জলমগ্ন হয়েছে। জলমগ্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জলে ঘুরছে সাপ, ব্যাঙ সেই জল মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। পুরসভার তরফে প্রশাসক শক্তি রায় চৌধুরী বলেন, উত্তরভাগে পাম্প চালিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে।


 পাশাপাশি সোনারপুর-রাজপুর পুরসভার নরেন্দ্রপুর গ্রিন পার্ক, বিবেকানন্দ পল্লি, মিশন পল্লি, কামালগাছি এলাকা, মানিকপুর, গড়িয়ার বিস্তীর্ণ এলাকা  জলমগ্ন হয়ে যাওয়ায় বাসিন্দাদের নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। বারুইপুর পূর্ব বিধানসভার চম্পাহাটি, নবগ্রাম, ধোসা, বেলেগাছি এলাকায় জল জমে বাসিন্দারা ঘর বন্দী হয়ে পড়েছে। বিধায়ক বিভাস সরদার এই সব জায়গায় বাসিন্দাদের পাশে দাঁড়াতে যান। ক্যানিং মহকুমা হাসপাতাল, কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতাল জলমগ্ন হয়ে গিয়েছে। কুলতলির শানকিজাহান এলাকায় বাজার জলে ভেসে গিয়েছে। 


ক্যানিং এর বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়েছে্‌। বিধায়ক পরেশ দাস নিজে এলাকায় গিয়ে নিকাশির কাজে সাহায্য করেন।রায়দিঘির কাছারি মোড় সহ বিভিন্ন নদী সংলগ্ন এলাকা জলমগ্ন হয়েছে। জয়নগরের কিছু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় পুর প্রশাসক সুজিত সরখেল নিকাশির ব্যবস্থা জোরদার করতে সকাল থেকে মাঠে নেমে পড়েন। ভাঙড়ের কিছু পঞ্চায়েত এলাকায় বাসিন্দাদের ঘরে জল ঢুকে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.